ময়মনসিংহগামী সিএনজিতে শিক্ষার্থীকে হুমকি ও প্রতারণার অভিযোগ
মিয়া সুলেমান, কনট্রিবিউটিং রিপোর্টার, ঈশ্বরগঞ্জ
ময়মনসিংহ যাওয়ার পথে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সিএনজি চালকের বিরুদ্ধে প্রতারণা, দুর্ব্যবহার ও হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন। ঘটনাটি আঠারবাড়ী-ঈশ্বরগঞ্জ সড়কে চলাচলকারী একটি সিএনজিচালিত অটোরিকশায় ঘটেছে বলে জানা গেছে।
ভুক্তভোগী শিক্ষার্থী নর্থ সাউথ ইউনিভার্সিটির মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগে অধ্যয়নরত বলে জানা গেছে।
ভুক্তভোগী শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, আঠারবাড়ী থেকে ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে সিএনজিতে ওঠার আগে তিনি চালকের কাছে নিশ্চিত হতে চান গাড়িটি সরাসরি ময়মনসিংহ যাবে কি না। এ সময় চালক তাকে আশ্বস্ত করেন যে গাড়িটি সরাসরি ময়মনসিংহ যাবে।
তবে পথে গিয়ে দেখা যায়, অধিকাংশ যাত্রীই ঈশ্বরগঞ্জগামী। ঈশ্বরগঞ্জে পৌঁছানোর পর অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে চালক তাকে অন্য একটি গাড়িতে যেতে বলেন এবং জানান, তিনি পরে নতুন যাত্রী নিয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হবেন।
এ ঘটনায় শিক্ষার্থী প্রতিবাদ করলে চালক ও সেখানে উপস্থিত আরেকজন চালক তার সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করা হয়। শিক্ষার্থীর দাবি, তারা অশালীন ভাষায় গালাগালি করেন, ভয়ভীতি প্রদর্শন করেন এবং ভিডিও ধারণে বাধা দেন।
তিনি আরও অভিযোগ করেন, একপর্যায়ে তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়, তাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখার হুমকি দেওয়া হয় এবং শারীরিকভাবে আক্রমণের উদ্দেশ্যে এগিয়ে আসা হয়। এমনকি গায়ে হাত তোলার চেষ্টাও করা হয়েছে বলে তিনি দাবি করেন।
স্থানীয়দের ভাষ্য, এ ধরনের যাত্রী হয়রানির ঘটনা নতুন নয়। গণপরিবহন ও সিএনজি পরিবহনে গন্তব্য সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দেওয়া, মাঝপথে যাত্রী নামিয়ে দেওয়া, অতিরিক্ত ভাড়া আদায় এবং প্রতিবাদ করলে দুর্ব্যবহারের অভিযোগ প্রায়ই শোনা যায়।
সংশ্লিষ্টদের মতে, যাত্রীদের সঙ্গে প্রতারণা, ভয়ভীতি প্রদর্শন বা শারীরিক হেনস্তা শুধু অনৈতিক নয়, আইনতও শাস্তিযোগ্য অপরাধ। যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও পরিবহন কর্তৃপক্ষের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন।
তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সিএনজি চালকদের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য ভুক্তভোগী শিক্ষার্থী প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় পরিবহন খাতে জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।