ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় প্রভাষক হলেন জবি শিক্ষার্থী বন্যা

‎জবি প্রতিনিধি

Jul 10, 2026 - 23:54
 0
ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় প্রভাষক হলেন জবি শিক্ষার্থী বন্যা

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামিমা ফেরদৌসি বন্যা ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় প্রভাষক পদে যোগদানের আমন্ত্রণ পেয়েছেন। ঠাকুরগাঁও জেলার কৃতি সন্তান বন্যার এ অর্জনে পরিবার, শিক্ষক, সহপাঠী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

‎শামিমা ফেরদৌসি বন্যা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সমাজবিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে স্নাতক (সিজিপিএ ৩.৮১) এবং স্নাতকোত্তর (সিজিপিএ ৩.৭১) সম্পন্ন করেন। একাডেমিক উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি তৎকালীন শিক্ষামন্ত্রীর হাত থেকে 'ডিনস অ্যাওয়ার্ড' লাভ করেন। তিনি যাদুরানী গার্লস স্কুল থেকে মাধ্যমিক এবং যাদুরানী আদর্শ মহাবিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন।

‎কর্মজীবনে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন গবেষণা প্রকল্পে গবেষণা সহকারী ও সমন্বয়কারী হিসেবে কাজ করেছেন। তার সম্পৃক্ত গবেষণাগুলোর মধ্যে রয়েছে—তরুণ প্রজন্মের নৈতিক মান উন্নয়নে সামাজিক যোগাযোগমাধ্যম ও তথ্যপ্রযুক্তির ভূমিকা, ঢাকায় জলবায়ু-জনিত বাস্তুচ্যুত মানুষের আর্থ-সামাজিক প্রভাব, সড়ক নিরাপত্তা প্রচারে গণমাধ্যমের ভূমিকা এবং বাংলাদেশে রোহিঙ্গা কিশোর-কিশোরীদের সামাজিকীকরণ প্রক্রিয়া।

‎বর্তমানে তিনি Bangladesh School of Social Research and Development-এ রিসার্চ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। সেখানে তিনি বিভিন্ন গবেষণা প্রকল্পের পরিকল্পনা, তথ্য সংগ্রহ, দল পরিচালনা এবং গবেষণা প্রতিবেদন প্রস্তুতের সমন্বয় করছেন। পাশাপাশি তিনি একটি আমেরিকান সফটওয়্যার প্রতিষ্ঠানে রিমোট রিভিউয়ার হিসেবেও কাজ করছেন।

‎গবেষণা কার্যক্রমেও রয়েছে তার উল্লেখযোগ্য সাফল্য। তিনি ২০২৬ সালে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ৮ম International Conference on Sustainable Development (ICSD 2026)-এ গবেষণাপত্র উপস্থাপন করেন। এর আগে ২০২৪ সালে গ্রিন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ৩য় International Conference on Innovation for Transformation and Development (ITD)-তেও গবেষণাপত্র উপস্থাপন করেন।

‎এছাড়া ২০২৫ ও ২০২৬ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ আয়োজিত এসপিএসএস (SPSS) প্রশিক্ষণ কর্মসূচিতে ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের পরিসংখ্যানভিত্তিক তথ্য বিশ্লেষণের ওপর প্রশিক্ষণ দেন।

‎তার গবেষণাপত্র "The Influence of Social Media on Consumers Buying Behavior and Conspicuous Consumption" Green University Review of Social Sciences জার্নালে প্রকাশিত হয়েছে।

‎শামিমা ফেরদৌসি বন্যার এ সাফল্যে তার শিক্ষক, সহপাঠী, শুভাকাঙ্ক্ষী এবং এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, একজন শিক্ষক ও গবেষক হিসেবে তিনি উচ্চশিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি নতুন প্রজন্মকে জ্ঞানচর্চায় অনুপ্রাণিত করবেন।