চাঁদাবাজি ও ট্রাকচালককে মারধরের প্রতিবাদে পাটগ্রামে সড়ক অবরোধ

কন্ট্রিবিউটিং রিপোর্টার, লালমনিরহাট

Jun 11, 2026 - 14:05
 0
চাঁদাবাজি ও ট্রাকচালককে মারধরের প্রতিবাদে পাটগ্রামে সড়ক অবরোধ
চাঁদাবাজির বিরুদ্ধে আন্দোলনরত গাড়ি চালকরা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চাঁদাবাজি ও এক ট্রাকচালককে মারধরের ঘটনার প্রতিবাদে পাটগ্রাম উপজেলার বাওড়া এলাকায় সড়ক অবরোধ করেছেন ট্রাকচালকরা। তারা অভিযুক্ত চাঁদাবাজদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হাতীবান্ধা উপজেলার সানিয়াজানসহ বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে সড়কের মোড়ে চেয়ার-টেবিল বসিয়ে ট্রাক থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। ট্রাকপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন চালকরা।

ভুক্তভোগী ট্রাকচালকদের দাবি, দুই দিন আগে এক চালক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ ধরনের চাঁদাবাজি চললেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে ক্ষোভের মুখে তারা সড়কে নেমে প্রতিবাদ জানান।

এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।