চিতলমারীর বিশিষ্ট ব্যবসায়ী অলিপ কুমার সাহা কালার পরলোকগমন
শানু বিশ্বাস, কন্ট্রিবিউটিং রিপোর্টার, বাগেরহাট
বাগেরহাটের চিতলমারী সদর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, প্রয়াত রমেশ চন্দ্র সাহার দ্বিতীয় পুত্র অলিপ কুমার সাহা (কালা) পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, অলিপ কুমার সাহা কালা গত প্রায় তিন মাস ধরে রক্তের সংক্রমণে (ব্লাড ইনফেকশন) আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ খুলনার গাজী ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার (৭ জুন) ভোর সাড়ে ৪টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ব্যক্তিজীবনে অত্যন্ত নম্র, ভদ্র ও হাসিখুশি মনের মানুষ অলিপ কুমার সাহা রাজনৈতিকভাবে আওয়ামী আদর্শের রাজনীতির সাথে জড়িত ছিলেন। কর্মজীবনে তিনি একজন সফল বিমা কর্মী হিসেবে সর্বশেষ ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের এজিএম (AGM) পদে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী দোলা সাহা (৩০), একমাত্র পুত্র অরণ্য সাহা (১৩) ও একমাত্র কন্যা অন্যা সাহাকে (৫) রেখে গেছেন।
তাঁর এই অকাল মৃত্যুতে চিতলমারী এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। কালা সাহার মৃত্যুতে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাতে ছুটে আসেন চিতলমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অশোক কুমার বড়াল, চিতলমারী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব ঠান্ডু, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. আনিচুর রহমান বিশ্বাস, চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজামুদ্দীন, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মো. একরামুল হক মুন্সী এবং জগদীশ চন্দ্র বাড়ৈসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার সাধারণ মানুষ।
রবিবার দুপুরেই চিতলমারী কেন্দ্রীয় মহাশ্মশানে প্রয়াতের অন্ত্যেষ্টিক্রিয়া ও দেহাবশেষ দাহ সম্পন্ন করা হয়।