পীরগঞ্জে ভ্যান দুর্ঘটনায় প্রাণ গেল এক শিশুর

মোঃ আবু বক্কর সিদ্দিক,কন্ট্রিবিউটর রিপোর্টার, ঠাকুরগাঁও

Jun 9, 2026 - 23:14
Jun 9, 2026 - 23:35
 0
পীরগঞ্জে ভ্যান দুর্ঘটনায় প্রাণ গেল এক শিশুর

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ব্যাটারিচালিত ভ্যান থেকে পড়ে জান্নাতুন মাওয়া নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকেল প্রায় ৫টার দিকে পীরগঞ্জ-টু-বীরগঞ্জ সড়কের মশালবাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার দোহরা এলাকা থেকে চাচাতো বোনের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানে করে আসছিল শিশু জান্নাতুন মাওয়া।

পথে মশালবাটি এলাকায় পৌঁছালে ভ্যানচালক হঠাৎ ব্রেক করলে শিশুটি সামনে ছিটকে পড়ে যায়।

এ সময় ভ্যানের চাকা তার মাথার ওপর দিয়ে চলে গেলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত শিশু জান্নাতুন মাওয়া পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ইনুয়া গ্রামের মোজাম্মেল হকের কন্যা। পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ওয়ারিস ইয়াজদানি বলেন, “বিকেলে এক শিশুকে হাসপাতালে আনা হয়।

পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বর্তমানে মরদেহ হাসপাতালেই রয়েছে এবং বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক বলেন, “ব্যাটারিচালিত ভ্যান থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বোচাগঞ্জ থানা ও পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এ ঘটনায় পীরগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।