সংসদে আজ ঘোষণা হবে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট

প্রিয়তোষ রায়, কন্ট্রিবিউটিং রিপোর্টার, ঢাকা

Jun 11, 2026 - 10:56
 0
সংসদে আজ ঘোষণা হবে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট
সংগৃহীত

বিগত কয়েক বছর ধরে ধারাবাহিক মূল্যস্ফীতির চাপে রয়েছে দেশের সাধারণ মানুষ। একই সঙ্গে কমেছে বিনিয়োগ, কর্মসংস্থানের সুযোগ, আমদানি-রপ্তানি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি। অন্যদিকে ব্যয় মেটাতে বেড়েছে ঋণনির্ভরতা। এমন চ্যালেঞ্জপূর্ণ অর্থনৈতিক পরিস্থিতিতে জাতীয় সংসদে উত্থাপিত হতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম ২০২৬-২৭ অর্থবছরের দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর জানিয়েছেন, বাজেটের আকার বড় হলেও এতে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটবে। খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর উৎসে কর কমানোর পরিকল্পনা রয়েছে। এর ফলে কৃষিপণ্য ও খাদ্যপণ্যসহ প্রায় ৬০ ধরনের পণ্যের দাম কমতে পারে বলে আশা করা হচ্ছে।

এবারের বাজেটে বিশেষ গুরুত্ব পাচ্ছে সামাজিক সুরক্ষা খাত। একই সঙ্গে মেগা প্রকল্পের সংখ্যা কিছুটা কমানো হয়েছে। উন্নয়ন বাজেটের (এডিপি) প্রায় ১২ শতাংশ এ খাতে বরাদ্দ থাকতে পারে। বাজেটের সবচেয়ে বড় অংশ, প্রায় সাড়ে ৬ লাখ কোটি টাকা, পরিচালন ব্যয়ে বরাদ্দের প্রস্তাব রয়েছে।

সরকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রায় ৭ লাখ কোটি টাকা। তবে বাজেট ঘাটতি দাঁড়াতে পারে প্রায় আড়াই লাখ কোটি টাকার বেশি, যা পূরণে ঋণনির্ভরতা আরও বাড়তে পারে। এ বিষয়ে ড. তিতুমীর জানান, বাজেট বাস্তবায়ন এবং উচ্চ রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জনে সরকারের বিশেষ পরিকল্পনা রয়েছে। তবে নতুন করে করের হার বাড়ানো হবে না বলেও তিনি আশ্বস্ত করেন।

আসন্ন বাজেটে বিনিয়োগ বৃদ্ধি ও স্থানীয় শিল্পের উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থনীতিতে গতি ফেরানো, কর্মসংস্থান সৃষ্টি এবং বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করতে নেওয়া হয়েছে বিভিন্ন পরিকল্পনা। পাশাপাশি আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেও থাকছে বিশেষ উদ্যোগ।

এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। দুর্নীতি ও অপচয় কমিয়ে কৌশলগত পরিকল্পনার মাধ্যমে অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং বাজেট বাস্তবায়নে সরকার কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি।