সংসদে বাজেট অধিবেশনে সমসাময়িক নানা প্রশ্নের মুখোমুখি প্রধানমন্ত্রী
প্রিয়তোষ রায়, কন্ট্রিবিউটিং রিপোর্টার, ঢাকা
জাতীয় সংসদে বাজেট অধিবেশনে সমসাময়িক নানা প্রশ্নের মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রশ্নোত্তর পর্বে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের লক্ষ্য ও সরকারের অগ্রাধিকার তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশকে এগিয়ে নিতে অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, খাদের কিনারে থাকা অর্থনীতিকে পুনরুদ্ধার, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।
সংসদকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির জন্য একটি স্থিতিশীল ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে প্রশাসনিক কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত এবং দুর্নীতি দমনে কঠোর অবস্থানে থাকার কথাও জানান তিনি।
সংসদ নেতা বলেন, সরকারের গঠনমূলক সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করা হবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচনী ইশতেহারের অঙ্গীকারের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও তাপমাত্রা কমানোর লক্ষ্যে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর অংশ হিসেবে চলতি বর্ষা মৌসুমে সারাদেশে ৩ কোটি ১৪ লাখ গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।