সাজেকে দুর্বৃত্তদের আগুনে পুড়ল কৃষকদের হলুদের গোডাউন

আব্দুজ জাহের, কনট্রিবিউটিং রিপোর্টার, বাঘাইছড়ি

Jun 11, 2026 - 00:18
 0
সাজেকে দুর্বৃত্তদের আগুনে পুড়ল কৃষকদের হলুদের গোডাউন
আগুনে পোড়া হলুদের গোডাউন

রাঙ্গামাটির সাজেক ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে তিনটি হলুদের গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১০ জুন) ভোররাতে এ ঘটনা ঘটে। এতে প্রায় এক হাজার মণেরও বেশি হলুদ পুড়ে যায় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭ লাখ টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সাজেকের দুর্গম এলাকা থেকে উৎপাদিত হলুদ বাজারজাত করার উদ্দেশ্যে কৃষকরা কয়েকদিন ধরে মিঠুন জয় ত্রিপুরা, কাটি কুমার ত্রিপুরা ও লোবিন ত্রিপুরাসহ কয়েকজনের গোডাউনে মজুদ করে রাখেন। পরদিন বিভিন্ন ব্যবসায়ীর কাছে বিক্রির প্রস্তুতিও চলছিল।

ক্ষতিগ্রস্ত কৃষক মিঠুন জয় ত্রিপুরা জানান, দীর্ঘদিন ধরে তারা এভাবেই নিজেদের উৎপাদিত হলুদ সংগ্রহ করে বিক্রি করে আসছেন। কিন্তু বুধবার ভোররাতে কে বা কারা তিনটি গোডাউনে আগুন ধরিয়ে দেয়। আগুনে মজুদকৃত সব হলুদ পুড়ে যায়।

তিনি বলেন, “আমরা সাধারণ কৃষক। অনেক কষ্ট করে চাষাবাদ করে সংসার চালাই। কারা এবং কেন আমাদের এত বড় ক্ষতি করলো, তা বুঝতে পারছি না। আমরা এখন প্রায় নিঃস্ব। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরাও। তাদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে রাঙ্গামাটির পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। সাজেক থানার ওসি বিষয়টি তদন্ত করছেন। প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।”

পুলিশ ঘটনাটির তদন্ত চালিয়ে যাচ্ছে।