সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করবেন এমপি আমির হামজা

ইব্রাহিম, কন্ট্রিবিউটিং রিপোর্টার, সিরাজগঞ্জ

Jun 14, 2026 - 15:34
 0
সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করবেন এমপি আমির হামজা
সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজা আজ রোববার (১৪ জুন) সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করবেন।

সিরাজগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক বিষয়টি নিশ্চিত করে জানান, মুফতি আমির হামজা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন। আজ তিনি সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন। দুপুরে তার আদালতে উপস্থিত হওয়ার কথা রয়েছে। পরবর্তী সিদ্ধান্ত আদালত গ্রহণ করবেন।

এদিকে, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলামও বিষয়টি নিশ্চিত করে বলেন, আত্মসমর্পণের উদ্দেশ্যে মুফতি আমির হামজা দুপুরে সিরাজগঞ্জ আদালতে আসবেন।

উল্লেখ্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলাটি দায়ের করা হয়। একই দিন আদালত সমন জারি করে তাকে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

তবে নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে আদালতে হাজির না হওয়ায় গত ১৭ মে সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।