থোকায় থোকায় লটকন ফলের বাহার

তানজীম আহমেদ, কনট্রিবিউটিং রিপোর্টার, খুলনা

Jun 9, 2026 - 15:42
Jun 9, 2026 - 15:43
 0
থোকায় থোকায় লটকন ফলের বাহার
থোকায় থোকায় লটকন ফলের বাহার

হলুদ রঙের ছোট গোলাকার ফল লটকন। সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলে থাকা ফলগুলোতে রোদের আলো পড়লে যেন আরও উজ্জ্বল হয়ে ওঠে। দূর থেকে দেখলে মনে হয়, প্রতিটি থোকা যেন সোনালি মুক্তার মালা। এমনই মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী আজমপুর নোয়ামোড়া ফল বাগানে (সাবেক আর্মি বাগান)।

বাগানের মালিক হাজি আবদুল বারী জানান, প্রায় ৩০০ শতক জমির এই বাগানে আম, কাঁঠাল, লটকন, পেঁপে, জাম্বুরা, সফেদা ও রাম্বুটানসহ বিভিন্ন ফলের গাছ রয়েছে। তার মধ্যে লটকন অন্যতম লাভজনক ফল। পাকা লটকন সুস্বাদু ও মিষ্টি হলেও কাঁচা অবস্থায় কিছুটা টক স্বাদের হয়।

তিনি বলেন, লটকন চাষে তেমন বেশি পরিচর্যার প্রয়োজন হয় না। কম পরিশ্রম ও কম খরচে ভালো ফলন পাওয়া যায়। বর্তমানে চারজন শ্রমিক বাগানের পরিচর্যার কাজে নিয়োজিত রয়েছেন। এ বছর বাগানে ভালো ফলন হলেও ঝড়-বৃষ্টির কারণে কিছু লটকন ঝরে গেছে। তারপরও প্রতিটি গাছে গড়ে ৪০ থেকে ৫০ কেজি পর্যন্ত ফল পাওয়া গেছে।

আবদুল বারী আরও জানান, ইতোমধ্যে লটকন বিক্রি শুরু হয়েছে। বর্তমানে প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকাররা সরাসরি বাগান থেকে ফল কিনে নিয়ে যাচ্ছেন। এ বছর লটকন বিক্রি করে ১০ থেকে ১২ লাখ টাকা আয় হবে বলে তিনি আশা করছেন।

আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা জুয়েল রানা বলেন, লটকন একটি পুষ্টিগুণসমৃদ্ধ ফল। এতে ভিটামিন সি, ক্যালোরি, কার্বোহাইড্রেট ও খাদ্যআঁশ রয়েছে। আখাউড়া উপজেলার মাটি লটকন চাষের জন্য বেশ উপযোগী। ফলে স্বল্প পুঁজি ও কম পরিশ্রমে কৃষকরা এ ফল চাষ করে ভালো লাভবান হতে পারেন।