পাটগ্রামে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে একজন আট*ক
মুনতাসীর আলিফ ,লালমনিরহাট
লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও স্থানীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ঢাকায় ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ৯ শিক্ষার্থী নিহত হওয়ার দাবি সংবলিত একটি পোস্ট তিনি ফেসবুকে প্রকাশ করেন, যা আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক তদন্তে অসত্য বলে প্রতীয়মান হয়েছে। এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়।
পুলিশের দাবি, আটক ব্যক্তির ব্যবহৃত মোবাইল ফোনে কয়েকটি রাজনৈতিক গ্রুপের তথ্য পাওয়া গেছে। পাশাপাশি ডিভাইসটি পর্যালোচনা করে চোরাচালান সংশ্লিষ্ট কিছু লেনদেনের তথ্যও পাওয়া গেছে বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তদন্তকারীদের ভাষ্যমতে, তিনি দীর্ঘদিন ধরে ভারতীয় কসমেটিকস, ওষুধ ও অন্যান্য পণ্য চোরাচালানের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। এছাড়া তিনি একটি স্থানীয় সংবাদমাধ্যমের উপজেলা প্রতিনিধি পরিচয়ে সাংবাদিকতার আড়ালে এসব কর্মকাণ্ড পরিচালনা করতেন বলেও অভিযোগ রয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে এখনো চূড়ান্ত তদন্ত শেষ হয়নি। তদন্ত শেষে প্রকৃত তথ্য ও দায়-দায়িত্ব সম্পর্কে বিস্তারিত জানা যাবে।