বালিশের ভেতর মিলল ৩৩ হাজার ৮০০ পিস ইয়াবা, গ্রেফতার ১

পারভেজ বাঙালী,চট্টগ্রাম জেলা প্রতিনিধি

Jul 12, 2026 - 18:19
 0
বালিশের ভেতর মিলল ৩৩ হাজার ৮০০ পিস ইয়াবা, গ্রেফতার ১

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা পুলিশের এক সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ রোববার (১২ জুলাই, ২০২৬) ভোররাতে নতুন ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩৩ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক পরিবহনে ব্যবহৃত একটি বালিশ এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম সাইফুল ইসলাম (৩৪)। তিনি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার ১৩ নম্বর নিশানবাড়ীয়া ইউনিয়নের জিওধারা গ্রামের (০৯নং ওয়ার্ড, হাওলাদার বাড়ী) দেলোয়ার হোসেন ও পারুল বেগমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল কবিরের সার্বিক তত্ত্বাবধানে মাদকবিরোধী এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৪:২৫ মিনিটের দিকে থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম নতুন ব্রিজ শহীদ বশীরুজ্জামান গোলচত্বর পুলিশ বক্সের সামনে বিশেষ তল্লাশি চৌকি স্থাপন করে।

এ সময় সন্দেহভাজন হিসেবে সাইফুল ইসলামকে আটক করে তল্লাশি চালানো হলে, তার সাথে থাকা বালিশের ভেতর সুকৌশলে লুকিয়ে রাখা ৩৩ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মামলার বিষয়ে জানতে চাইলে বাকলিয়া থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১৪, তারিখ: ১২/০৭/২০২৬ খ্রি.)। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া মেনে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের উৎস এবং এর সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।