লামায় পাহাড় ধসে শিশুসহ দুই পরিবারের ৫ জনের মৃ'ত্যু
আমিনুল ইসলাম খন্দকার ,বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের লামা উপজেলায় পাহাড় ধসে শিশুসহ দুই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাতে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মো. ইউনুছ (২৮), তার স্ত্রী রানু আক্তার (২২) ও চার বছরের ছেলে মো. সোলেমান এবং জুয়েল (২৭) ও তার স্ত্রী কুলসুমা আক্তার (২৩)। এ ছাড়া একই রাতে পৃথক ঘটনায় পাহাড় ধসে আহত হয়েছেন স্থানীয় এক ইউপি সদস্য।
আজিজনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, গত রবিবার থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টির কারণে বৃহস্পতিবার ভোর চারটার দিকে আকস্মিকভাবে পাহাড়ের বিশাল অংশ ধসে মো. ইউনুছ ও জুয়েলের বসতঘরের ওপর পড়ে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করলেও ততক্ষণে ওই দুই পরিবারের ৫ সদস্যের মৃত্যু হয়।
একইদিন রাত দেড়টার দিকে ওই ইউনিয়নের উত্তর পাড়ায় পাহাড় ধসে আজিজনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য রেহানা বেগমের ঘর বিধ্বস্ত হয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে নিকটস্থ লোহাগড়া উপজেলার মা-মনি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন বলেন, "ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। গত চার দিন ধরে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা হয়েছিল। কিন্তু বারবার অনুরোধ সত্ত্বেও অনেকে ঝুঁকি নিয়ে বসবাস করছিলেন। আমরা নিহতদের পরিবারকে সার্বিক সহযোগিতা প্রদান করব।"