হাতীবান্ধার পূর্ব কাদমায় জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ; সংবাদ প্রকাশ ঠেকাতে অর্থের প্রস্তাবের অভিযোগ

স্টাফ রিপোর্টার,(হাতিবান্ধা)লালমনিরহাট প্রতিনিধি

Jul 21, 2026 - 17:34
 0
হাতীবান্ধার পূর্ব কাদমায় জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ; সংবাদ প্রকাশ ঠেকাতে অর্থের প্রস্তাবের অভিযোগ

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কাদমা গ্রামের বাসিন্দা মোঃ জাহাঙ্গীর (পিতা: মোঃ জামাল মিয়া)-এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক কারবার পরিচালনার অভিযোগ তুলেছেন স্থানীয় একাধিক বাসিন্দা।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর দাবি, জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে এলাকায় খুচরা ও পাইকারি পর্যায়ে মাদক বিক্রির সঙ্গে জড়িত। তাদের অভিযোগ, তার বাড়িতে প্রায়ই অপরিচিত ব্যক্তিদের আনাগোনা দেখা যায়, যা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

এলাকাবাসীর আরও অভিযোগ, জাহাঙ্গীর এলাকায় প্রভাব খাটিয়ে চলাফেরা করেন। কেউ তার কর্মকাণ্ডের প্রতিবাদ বা সমালোচনা করলে ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়।

স্থানীয়দের দাবি, জাহাঙ্গীরের নাম মাদক কারবারের সঙ্গে এতটাই জড়িয়ে গেছে যে—এলাকার একটি ছোট শিশুকেও যদি জিজ্ঞাসা করা হয় তিনি কী করেন, সেও নির্দ্বিধায় বলবে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

এদিকে, এক মাদকসেবী পরিচয়ধারী ব্যক্তি জাহাঙ্গীরের কথিত মাদক লেনদেন-সংক্রান্ত একটি কল রেকর্ড প্রতিবেদকের কাছে দিয়েছেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মোঃ জাহাঙ্গীরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি প্রথমেই নিজের রাজনৈতিক পরিচয়ের কথা উল্লেখ করেন। এরপর তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানিয়ে অর্থ দেওয়ার প্রস্তাব দেন।

একপর্যায়ে তিনি বলেন, "এমনিতেও আপনাদের নিউজে আমার কিছু হবে না, তবুও টাকা দিয়ে দিচ্ছি।" পরে অর্থ পাঠানোর জন্য বিকাশ নম্বরও জানতে চান তিনি।

এ বিষয়ে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ রমজান আলী বলেন, "আমাদের মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"