ইপিজেডে জুয়ার আসরে অভিযান: ১১ জুয়াড়ি গ্রেপ্তার, নগদ টাকা ও তাস জব্দ
পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন নিউমুরিং এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জুয়ার আসর থেকে নগদ ১৫ হাজার ৭২০ টাকা এবং দুই প্যাকেট তাস জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার (২০ জুলাই) রাত ১১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নিউমুরিং এলাকার মীরাপাড়ায় সোলেমান কোম্পানির বাড়ির প্রকৌশলী শাহাদাতের চারতলা ভবনের চতুর্থ তলার একটি কক্ষে কয়েকজন ব্যক্তি জুয়ার আসর বসিয়েছেন।
খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তাদের নির্দেশে ইপিজেড থানার এসআই (নিঃ) মোহাম্মদ শাহীন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ রাত ১১টা ৫৫ মিনিটে সেখানে অভিযান চালায়। অভিযানে জুয়া খেলার সময় নাছির আহমদ (৫৫), আরিফুজ্জামান (৪২), হেলাল উদ্দিন (৪৫), সালাউদ্দিন (৩৯), ইমতিয়াজ (২৯), কামাল (২৮), হাবীব (৩১), রতন মজুমদার (৫৫), আব্দুল খালেক (৪৭), হাবিবুর রহমান (৩৯) ও আব্দুস সালাম (৫৫) নামে ১১ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলায় ব্যবহৃত দুই প্যাকেট তাস এবং নগদ ১৫ হাজার ৭২০ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ইপিজেড থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫/১৮/২৭ ধারায় মামলা (নং-১১, তারিখ: ২১ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের আইনানুগ প্রক্রিয়া শেষে চট্টগ্রামের বিজ্ঞ মহানগর আদালতে সোপর্দ করা হয়েছে।