চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে কঠোর নির্দেশ কমিশনারের
পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর জুলাই ২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
একই সঙ্গে চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আরও কার্যকর অভিযান পরিচালনার জন্য কঠোর নির্দেশ প্রদান করেন।
সভায় পুলিশ কমিশনার সদস্যদের বিভিন্ন সমস্যা ও কল্যাণসংক্রান্ত বিষয় মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষণিক সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জনের স্বীকৃতিস্বরূপ সিএমপির কনস্টেবল/৬১২১ মো. জাকির হোসেন জনিকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। তিনি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ২য় এশিয়ান প্যারা থ্রোবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ রেফারি হিসেবে দায়িত্ব পালন করে সার্টিফিকেট অর্জন করেন।
এছাড়া ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে অনুষ্ঠিত ২য় সাউথ এশিয়ান থ্রোবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ খেলোয়াড় হিসেবে অংশ নিয়ে ২য় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন।
বর্তমানে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগে কর্মরত জাকির হোসেন জনির এই অসামান্য অর্জনের স্বীকৃতিস্বরূপ তাকে সম্মাননা প্রদান করেন পুলিশ কমিশনার।
সভায় আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি), উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা।