কুলাঘাট ও নয়ারহাট বাজারে মোবাইল কোর্ট, চার প্রতিষ্ঠানকে জরিমানা
সোহাগ কন্ট্রিবিউটিং রিপোর্টার ,লালমনিরহাট
লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ও নয়ারহাট বাজারে ভোক্তা স্বার্থ সংরক্ষণ ও জনস্বাস্থ্য নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৭ জুন) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ মোবাইল কোর্টে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ ও পারভেজ খান।
অভিযানকালে বাজারের বিভিন্ন ফার্মেসি, কসমেটিকস বিক্রেতা এবং মিষ্টান্ন প্রস্তুতকারী প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ এনেস্থিসিয়া ইনজেকশন সরবরাহের অপরাধে একটি ফার্মেসিকে ৩ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে অপর একটি ফার্মেসিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া উৎপাদনের তারিখ, মেয়াদ ও মূল্য উল্লেখ ছাড়া দই বিক্রির দায়ে একটি মিষ্টান্ন প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে রং ফর্সাকারী ক্রিম সরবরাহের অপরাধে একটি কসমেটিকস প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে আরও ১ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জব্দকৃত আলামত, উপস্থিত সাক্ষী এবং অভিযুক্তদের স্বীকারোক্তির ভিত্তিতে এসব অর্থদণ্ড আরোপ করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযান চলাকালে বাজারের অন্যান্য ব্যবসায়ীদেরও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করা, যথাযথভাবে পণ্যের তথ্য প্রদর্শন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ডিলিং লাইসেন্স গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে বাজার তদারকি ও ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।