তারাগঞ্জে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

পাবেল হাসান, কন্ট্রিবিউটিং রিপোর্টার, রংপুর

Jun 21, 2026 - 11:30
 0
তারাগঞ্জে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার
নিহত শিশু সানজিদা

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় একদিন পর সানজিদা (৯) নামে এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর করানীপাড়া এলাকায় ডালিয়া ক্যানেলের পাশের একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাড়ির পাশেই অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল সানজিদা। একপর্যায়ে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা রাতভর বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি।

শনিবার সকালে স্থানীয় লোকজন পাটক্ষেতে একটি মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

নিহত সানজিদা ভীমপুর করানীপাড়া গ্রামের সাইদুল ইসলামের মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। একই সঙ্গে ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং শিশুটির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয়রা।