দ্রুত এইচএসসি পরীক্ষা শুরুর দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীদের স্মারকলিপি

পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি

Jul 19, 2026 - 20:14
 0
দ্রুত এইচএসসি পরীক্ষা শুরুর দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীদের স্মারকলিপি

বন্যার কারণে স্থগিত থাকা এইচএসসি ও সমমানের পরীক্ষার অবশিষ্ট অংশ দ্রুত শুরু করার দাবি জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে রোববার সকালে পরীক্ষার্থীদের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরীর কাছে একটি স্মারকলিপি জমা দেয়।

স্মারকলিপিতে পরীক্ষার্থীরা উল্লেখ করেন, বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা শেষ হলেও বাকি বিষয়গুলোর পরীক্ষা এখনো স্থগিত রয়েছে। তারা বর্তমান পরীক্ষার ধারাবাহিকতা বজায় রেখে দ্রুত নতুন সময়সূচি প্রকাশের দাবি জানান। একই সঙ্গে স্থগিত হওয়া প্রতিটি পরীক্ষার মাঝে অন্তত দুই থেকে তিন দিনের বিরতি রাখারও অনুরোধ করেন।

স্মারকলিপি গ্রহণের পর শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন বোর্ড চেয়ারম্যান। তিনি বলেন, বন্যাকবলিত এলাকার শিক্ষার্থীদের নিরাপত্তা, যাতায়াতের সমস্যা, পরীক্ষাকেন্দ্রের পরিস্থিতি এবং তাদের শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তিনি আরও জানান, বর্তমানে ১৪টি বিষয়ের পরীক্ষা বাকি রয়েছে। পরিস্থিতি অনুকূলে এলে প্রথমে চলমান রুটিন অনুযায়ী পরীক্ষাগুলো সম্পন্ন করা হবে। পরে স্থগিত হওয়া বিষয়গুলোর জন্য পৃথক সময়সূচি ঘোষণা করা হবে। প্রয়োজন হলে নতুন প্রশ্নপত্রে পরীক্ষাও নেওয়া হতে পারে।

চেয়ারম্যান বলেন, শিক্ষার্থীদের দেওয়া স্মারকলিপি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিবের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের দাবিগুলো তুলে ধরা হবে। একই সঙ্গে দ্রুত পরীক্ষার নতুন সূচি প্রকাশের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি আশ্বাস দেন।