বান্দরবান সীমান্তে আবার মাইন বিস্ফোরণ: রোহিঙ্গা যুবকের প্রাণহানি।

পারভেজ বাঙালী,কন্ট্রিবিউটর,রিপোর্টার,চট্টগ্রাম

Jun 9, 2026 - 14:44
 0
বান্দরবান সীমান্তে আবার মাইন বিস্ফোরণ: রোহিঙ্গা যুবকের প্রাণহানি।
নাইক্ষ্যংছড়ি সীমান্ত।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজু আমতলী সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আব্দুল খালেক (৩৪) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে আটটার দিকে সীমান্তের ৩৯ ও ৪০ নম্বর পিলারের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. আনুর ছেলে। এই ঘটনার পর থেকে সীমান্তজুড়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রেজু আমতলী সীমান্তের একটি কলাবাগানে কাজ করতে যান আব্দুল খালেক। সেখানে মাটির নিচে পুঁতে রাখা একটি স্থলমাইনের ওপর পা পড়লে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তিনি গুরুতর জখম হন।

বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উখিয়ার এম এফ এফ (MFF) হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাইন বিস্ফোরণে আহত ওই রোহিঙ্গা যুবককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে জানান। স্থানীয় প্রশাসন ও সীমান্ত সূত্র থেকে জানা গেছে, গত এক সপ্তাহের ব্যবধানে নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের এটি ষষ্ঠ ঘটনা। একের পর এক মাইন বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় সীমান্ত সংলগ্ন এলাকার বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে