বিনামূল্যে জলাতঙ্কের টিকার বিপরীতে অর্থ দাবির অভিযোগে নার্স সাময়িক বরখাস্ত

তানজিম আহমেদ, কন্ট্রিবিউটিং রিপোর্টার, খুলনা

Jun 9, 2026 - 16:39
 0
বিনামূল্যে জলাতঙ্কের টিকার বিপরীতে অর্থ দাবির অভিযোগে নার্স সাময়িক বরখাস্ত
অভিযুক্ত নার্স মোর্শেদা

সরকারি হাসপাতালে বিনামূল্যে জলাতঙ্কের টিকা দেওয়ার বিপরীতে অর্থ দাবির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সিনিয়র স্টাফ নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত নার্স মোর্শেদা ওই স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক দিল আফরোজার স্বাক্ষরিত এক চিঠিতে গত ৭ জুন এ শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে স্থানীয় বিশারাবাড়ী এলাকার দুই শিশুকে বিড়ালে কামড় দিলে তাদের স্বজনরা চিকিৎসার জন্য কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জলাতঙ্কের টিকা দেওয়ার সময় সিনিয়র স্টাফ নার্স মোর্শেদা তাদের কাছে ২০০ টাকা দাবি করেন বলে অভিযোগ ওঠে।

বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে তদন্তের পর প্রাথমিকভাবে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর জানিয়েছে, চিকিৎসা সেবায় দুর্নীতি বা রোগী হয়রানির অভিযোগের বিষয়ে তারা কঠোর অবস্থানে রয়েছে।

বর্তমানে অভিযুক্ত নার্স সাময়িক বরখাস্ত রয়েছেন। তার বিরুদ্ধে বিভাগীয় পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।