মসজিদের টাকা চুরির ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে ২ জন আটক
পারভেজ বাঙালী, কন্ট্রিবিউটিং রিপোর্টার, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি জামে মসজিদের অফিস কক্ষ থেকে চুরি হওয়া ২ লাখ ২০ হাজার টাকার মধ্যে ১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর পুলিশি অভিযানে এই চুরির সঙ্গে জড়িত আরিফ (৩৬) ও মো. সুমন (৩৬) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ ও মসজিদ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত শুক্রবার জুমার নামাজের পূর্বে মসজিদের ইমাম সাহেব অফিস কক্ষে টাকাগুলো রেখে যান। পরবর্তীতে আসরের নামাজ শেষে তিনি রুমে ফিরে দেখেন টাকাগুলো গায়েব। তাৎক্ষণিকভাবে মসজিদের সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করা হলে চুরির পুরো বিষয়টি সামনে আসে।
চুরির বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশে অভিযোগ জানানো হয়। সদরঘাট থানা পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে অভিযানে নামে।
পুলিশ প্রথমে হালিশহর এলাকায় অভিযান চালিয়ে আরিফকে গ্রেপ্তার করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার করা হয় ১ লাখ ২৬ হাজার ৫০০ টাকা।
পরে আরিফের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে পুলিশ মো. সুমনকে আটক করে এবং তার হেফাজত থেকে আরও ৬০ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়।
দরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, 'তৎপরতার সাথে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের অবস্থান শনাক্ত করে। চুরির সিংহভাগ টাকাই উদ্ধার করা সম্ভব হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।"
উদ্ধারকৃত টাকা মসজিদ কমিটির কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে জানা গেছে।