মোল্লাহাটে গাছপালা কর্তন ও নারীকে হেনস্তার অভিযোগ, থানায় লিখিত আবেদন

‎শানু বিশ্বাস ,কন্ট্রিবিউটিং রিপোর্টার, বাগেরহাট

Jun 21, 2026 - 01:08
 0
মোল্লাহাটে গাছপালা কর্তন ও নারীকে হেনস্তার অভিযোগ, থানায় লিখিত আবেদন

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বুড়িগাংনী এলাকায় গাছপালা কর্তন এবং হামলার অভিযোগে পাপিয়া (৩১) নামে এক নারী মোল্লাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গত বৃহস্পতিবার (১৯ জুন) রাত ১০টার দিকে তিনি এই অভিযোগ করেন।লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বুড়িগাংনী মৌজায় প্রায় ৫২ শতক জমি দীর্ঘদিন ধরে ভুক্তভোগী পরিবারের দখল ও ভোগদখলে রয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টার দিকে একই গ্রামের আকরাম মোল্লা (৫২), ফিজার মোল্লা (৩২) ও রিকাত মোল্লা (৫৬) সহ কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই জমিতে প্রবেশ করেন।

তারা জোরপূর্বক  জমিতে থাকা গাছপালা কেটে ফেলেন এবং টিনের প্রাচীর ক্ষতিগ্রস্ত করেন।পাপিয়ার দাবি অনুযায়ী, তিনি বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন। এই ঘটনায় প্রায় ১৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন।

পরে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হলে অভিযুক্তরা সেখান থেকে চলে যান।পাপিয়া মোল্লাহাট থানায় লিখিত অভিযোগের মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আকরাম মোল্লার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া অন্য অভিযুক্তদের সঙ্গেও যোগাযোগ সম্ভব হয়নি।

‎এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক জানান, বাদীপক্ষ একটি লিখিত অভিযোগ পেয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।