ঈদের দিন মেহমান-ই মুহাব্বত আয়োজন করবে কারমাইকেল কলেজ শিবির
নিজস্ব প্রতিবেদক
ঈদের সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করতে কারমাইকেল কলেজে অবস্থানরত শিক্ষার্থীদের নিয়ে মেহমান-ই মুহাব্বত আয়োজন করবে কারমাইকেল কলেজ শাখা ছাত্রশিবির। ঈদের দিন দুপুর দুইটায় এ আয়োজন অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
এ বিষয়ে কারমাইকেল কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হক বলেন, পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, ভালোবাসা, ভ্রাতৃত্ব ও মানবিকতার শিক্ষা দেয়। এই আনন্দের দিনে অনেক শিক্ষার্থী নানা বাস্তবতা ও সমস্যার কারণে নিজ নিজ পরিবারে ফিরতে পারেনি। কেউ দূরত্বের কারণে, আবার কেউ ব্যক্তিগত বা পারিবারিক সমস্যার কারণে ক্যাম্পাসেই অবস্থান করছে। এই ভাইদের কথা চিন্তা করেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কারমাইকেল কলেজ শাখা আয়োজন করেছে “মেহমান-ই মুহাব্বত” একটি ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও ভালোবাসার মিলনমেলা।
তিনি আরও বলেন, আমাদের এই আয়োজনের উদ্দেশ্য কেবল খাবার পরিবেশন নয়; বরং পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করা, তাদের পাশে দাঁড়ানো এবং একে অপরের প্রতি আন্তরিকতার বন্ধন আরও দৃঢ় করা।
ইসলাম আমাদের শিখিয়েছে, মানুষের পাশে দাঁড়ানোই সর্বোত্তম মানবিকতা। একজন ভাইয়ের মুখে হাসি ফোটানোও ইবাদতের অংশ।
আমরা বিশ্বাস করি, এই ধরনের উদ্যোগ ক্যাম্পাসে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের পরিবেশ আরও সুন্দর ও অর্থবহ করবে ইনশাআল্লাহ।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সকলের ঈদ হোক আনন্দময়, শান্তিময় ও কল্যাণে পরিপূর্ণ। মহান আল্লাহ তাআলা আমাদের ত্যাগকে কবুল করুন, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করুন এবং সবার জীবন ভরে দিন রহমত, বরকত ও সুখে।
ঈদ মোবারক।