কালকিনিতে শিক্ষকের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি মিলন মোল্লা ঢাকায় গ্রেপ্তার

মেসবাহ উদ্দিন, মাদারীপুর জেলা প্রতিনিধি

Jul 21, 2026 - 17:28
 0
কালকিনিতে শিক্ষকের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি মিলন মোল্লা ঢাকায় গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনিতে শিক্ষক ইমাম হোসেন রাজনের ওপর নৃশংস হামলা ও হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি মিলন মোল্লাকে (৩৮) যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮ ও কালকিনি থানা পুলিশ।

শনিবার (১৯ জুলাই) রাতে রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ এবং কালকিনি থানা পুলিশের একটি চৌকস দল কেরানীগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। দীর্ঘ সময় নজরদারির পর অভিযানে মামলার প্রধান আসামি মিলন মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ১৫৮ নম্বর চরআলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইমাম হোসেন রাজনের ওপর পূর্বশত্রুতা ও স্থানীয় বিরোধের জেরে পরিকল্পিত হামলা চালানো হয়।

অভিযোগ রয়েছে, প্রধান আসামি মিলন মোল্লার নির্দেশে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে ওত পেতে থেকে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় শিক্ষক রাজন গুরুতর আহত হন। তার একটি হাত ও একটি পা ভেঙে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়। পরে ভুক্তভোগী শিক্ষকের পরিবারের পক্ষ থেকে কালকিনি থানায় মিলন মোল্লাকে প্রধান আসামি করে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “শিক্ষক ইমাম হোসেন রাজনের ওপর হামলার ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর ছিল।

যৌথ অভিযানের মাধ্যমে প্রধান আসামিকে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে মাদারীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।” পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।