গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে পীরগঞ্জে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
মোঃ আবু বক্কর সিদ্দিক, কন্ট্রিবিউটিং রিপোর্টার, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ উপজেলার ৬নং পীরগঞ্জ ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এসময় র্যালি ও ভিডিও প্রদর্শনী করা হয়।
বুধবার (১০ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে এবং 'বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)' প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় ইউপি চেয়ারম্যান জনাব মোঃ মোখলেছুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ গোলাম রব্বানী সরদার।
অনুষ্ঠানে সভাপতির স্বাগত বক্তব্যে জনাব মোখলেছুর রহমান চৌধুরী বলেন, "বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের মূল লক্ষ্য হলো গ্রামীণ জনগোষ্ঠী, বিশেষ করে নারী, দরিদ্র, অসহায়, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার নিশ্চিত করা। গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করতেই মূলত এ ক্যাম্পেইন ও ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।”
অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, উদ্দেশ্য ও সুবিধাসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপজেলা সমন্বয়কারী মোছাঃ অগ্নিশিখা আক্তার। তিনি উপস্থিত সকলকে গ্রাম আদালতের বার্তা তৃণমূলের মানুষের কাছে পৌঁছে দেওয়ার এবং জনসচেতনতামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপস্থিত সকলের মাঝে গ্রাম আদালত বিষয়ক একটি সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী করা হয়। প্রদর্শনী শেষে অংশগ্রহণকারীদের নিয়ে একটি আনন্দঘন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত সচেতনতামূলক ক্যাম্পেইনে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্য অতিথিরাও গ্রাম আদালতের সুফল নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন।