চাপারহাটে দুই ব্যক্তির বিরুদ্ধে মাদক ও হুন্ডি ব্যবসার অভিযোগ; অবৈধ সম্পদের তদন্ত দাবি এলাকাবাসীর
মুনতাসীর আলিফ ,লালমনিরহাট
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চাপারহাট এলাকার রবিউল ইসলাম ও তার সহযোগী হিসেবে পরিচিত আব্দুল আজিজের বিরুদ্ধে মাদক ও হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। অভিযোগকারীদের দাবি, দীর্ঘদিন ধরে এসব অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে তারা বিপুল সম্পদের মালিক হয়েছেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সীমান্ত ব্যবহার করে ভারতীয় চক্রের সঙ্গে আর্থিক লেনদেনের মাধ্যমে হুন্ডির টাকা পাচার এবং পরবর্তীতে মাদক সরবরাহের একটি নেটওয়ার্কে তারা সক্রিয়। অভিযোগ রয়েছে, ওই মাদক পরে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।
এলাকাবাসীর দাবি, রবিউল ইসলাম ও আব্দুল আজিজের বিরুদ্ধে মাদক-সংশ্লিষ্ট মামলা রয়েছে। তাদের প্রশ্ন, অল্প সময়ে কীভাবে তারা বিপুল সম্পদের মালিক হলেন এবং সেই সম্পদের উৎস তদন্ত করে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। তাদের মতে, এলাকায় মাদকের বিস্তারের ফলে যুবসমাজ বিপথে যাচ্ছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।
এ বিষয়ে রবিউল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমার বিরুদ্ধে দুটি মাদকের মামলা হয়েছে, তবে সেগুলো মিথ্যা।" অবৈধ সম্পদের বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
এদিকে, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুঠোফোনে বলেন, "আমাদের মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। কেউ যদি মাদকের অবৈধ অর্থে সম্পদের পাহাড় গড়ে থাকেন, তবে সেই সম্পদের উৎসও খতিয়ে দেখা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"
এলাকাবাসীর দাবি, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাই এবং প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক