পাহাড়তলীতে মিস্ত্রি রিফাত হত্যা: মূল হোতাসহ গ্রেপ্তার ৪

পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি

Jul 13, 2026 - 19:15
 0
পাহাড়তলীতে মিস্ত্রি রিফাত হত্যা: মূল হোতাসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে ইলেকট্রিক মিস্ত্রি রিফাতকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। গতকাল রোববার (১২ জুলাই) চট্টগ্রামের সীতাকুণ্ড, বায়েজিদ বোস্তামী ও হালিশহর এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মো. শামীম (৩৫): মামলার প্রধান আসামি, চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া এলাকার বাসিন্দা।

মো. সাজ্জাদ আলম শুভ (৩২): ২ নম্বর আসামি, পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকার বাসিন্দা।

মারুফ (২৭): ৩ নম্বর আসামি, হালিশহর থানার মাউজপাড়া এলাকার বাসিন্দা।

সুমন (৩০): তদন্তে প্রাপ্ত আসামি, হালিশহরের মাইজপাড়া এলাকার বাসিন্দা।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, নিহত রিফাত পাহাড়তলীর আব্দুপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। গত ২৩ জুন সকালে ২ নম্বর আসামি সাজ্জাদ আলম শুভ কৌশলে রিফাতকে তার বাসা থেকে ডেকে নিয়ে যান। এরপর দক্ষিণ কাট্টলী এলাকায় শামীম ও মারুফসহ কয়েকজন মিলে রিফাতের ওপর অতর্কিত হামলা চালান। হামলার একপর্যায়ে প্রধান আসামি শামীম ধারালো ছুরি দিয়ে রিফাতের পায়ে গুরুতর আঘাত করেন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করে পাহাড়তলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।

 র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার প্রথমে সীতাকুণ্ডের জলিল টেক্সটাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি শামীম ও শুভকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেলে বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া এলাকা থেকে মারুফকে এবং হালিশহরের মাইজপাড়া থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।