কালকিনিতে নতুন বাস টার্মিনাল শিগগিরই উদ্বোধন
মেসবাহ্ উদ্দিন,মাদারীপুর
মাদারীপুরের কালকিনি পৌরসভার ভূরঘাটা (মজিদবাড়ি) এলাকায় নির্মিত নতুন বাস টার্মিনালটি শিগগিরই উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাইফ-উল-আরেফীন।
তিনি জানান, প্রশাসনিক ও অবকাঠামোগত বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে টার্মিনালটি চালু করা সম্ভব হয়নি। তবে বর্তমানে কাউন্টার স্থাপনসহ প্রয়োজনীয় অন্যান্য সুবিধা সংযোজনের কাজ চলছে। এসব কাজ সম্পন্ন হওয়ার পর দ্রুতই টার্মিনালটি আনুষ্ঠানিকভাবে চালু করা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন বাস টার্মিনাল চালু হলে কালকিনি এবং ঢাকা-বরিশাল মহাসড়ক ব্যবহারকারী যাত্রীদের যাতায়াতে নতুন মাত্রা যোগ হবে। পাশাপাশি মহাসড়কের ওপর যাত্রী ওঠানামার প্রবণতা কমে আসবে, ফলে যানজট ও সড়ক দুর্ঘটনার ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, টার্মিনালটি চালু হলে যাত্রীসেবা আরও উন্নত হবে এবং এলাকায় যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়ন ঘটবে।