খাগড়াছড়িতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন শতাধিক মানুষ
ক্যহলাচিং মারমা , খাগড়াছড়ি
খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের নির্মল চন্দ্র কার্বারীপাড়ায় অনুষ্ঠিত বিনামূল্যের মেডিকেল ক্যাম্পে শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।
এই ক্যাম্পে রোগীদের স্বাস্থ্যপরামর্শ, চিকিৎসাসেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ এবং বিশেষ রোগীদের স্যালাইন প্রদান করা হয়।ক্যাম্পে সেবা প্রদান করেন বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডা. মহসিন জিল্লুর করিম। তিনি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের সাবেক প্রফেসর অব মেডিসিন ও কার্ডিওলজি বিভাগের প্রধান।
বর্তমানে তিনি ইন্টারনাল মেডিসিন ও ক্লিনিক্যাল কার্ডিওলজি বিশেষজ্ঞ হিসেবে কর্মরত রয়েছেন।আয়োজকরা জানান, প্রত্যন্ত এলাকার মানুষের কাছে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয়রা এ আয়োজনকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে অভিহিত করেন।মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন জার্মানী প্রবাসী আদিনা রহমান, হোটেল গাইরিংয়ের স্বত্বাধিকারী এস অনন্ত বিকাশ ত্রিপুরা, চিকিৎসক ডা. অর্পন ত্রিপুরা, মেডিকেল টেকনোলজিস্ট জামাল উদ্দিন, ভলান্টিয়ার অতসী ত্রিপুরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বেচ্ছাসেবক ও এলাকাবাসী।“একটি হাসি ও সঠিক চিকিৎসা, দুটোই জীবন বাঁচাতে পারে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ক্যাম্পটির সৌজন্যে ছিল হোটেল গাইরিং, খাগড়াছড়ি।