শিশু নন্দিনীর মরদেহ উদ্ধারে উত্তাল আদিতমারী, ভাঙচুর ডিসি-এসপির গাড়ি

মুনতাসীর আলিফ, কন্ট্রিবিউটিং রিপোর্টার, লালমনিরহাট

Jun 16, 2026 - 18:20
Jun 16, 2026 - 18:23
 0
শিশু নন্দিনীর মরদেহ উদ্ধারে উত্তাল আদিতমারী, ভাঙচুর ডিসি-এসপির গাড়ি
শিশু নন্দিনীর মরদেহ

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাত বছর বয়সী শিশু নন্দিনীর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ। তাকে নিয়ে ঘটনাস্থল ত্যাগের সময় বিক্ষুব্ধ জনতার হামলায় জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) গাড়িসহ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার সকালে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামের একটি ভুট্টাখেতসংলগ্ন গর্ত থেকে প্রথম শ্রেণির শিক্ষার্থী নন্দিনীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নন্দিনী স্থানীয় বাসিন্দা ললনীকান্ত বর্মনের মেয়ে। পরিবারের দাবি, সোমবার বিকেল থেকে সে নিখোঁজ ছিল।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একই এলাকার বিধান চন্দ্র নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে তাকে নিয়ে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাধা দেয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ডিসি ও এসপির গাড়িসহ কয়েকটি সরকারি যানবাহনে ভাঙচুরের ঘটনা ঘটে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হককে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে। নন্দিনী হত্যার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্তকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত অব্যাহত রয়েছে।