বাগেরহাটে অনলাইন জুয়া চক্রের মূলহোতাসহ আটক ৩
শানু বিশ্বাস, কন্ট্রিবিউটিং রিপোর্টার, বাগেরহাট
বাগেরহাট সদর উপজেলায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে তিন যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ১৪ জুন (রবিবার) রাত ১০:২৫ ঘটিকায় সদর থানার দক্ষিণ খাঁনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন—দক্ষিণ খাঁনপুর গ্রামের ১. মোঃ নোমান (২২), ২. চয়ন সেন (২৩) এবং ৩. কাজী নজরুল (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম ওই রাতে দক্ষিণ খাঁনপুর গ্রামস্থ কাচারীবাড়ী বল ফিল্ডের পশ্চিম পাশে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অনলাইনে অবৈধ জুয়া ও বেটিং পরিচালনা করা অবস্থায় হাতেনাতে ওই তিনজনকে আটক করা হয়।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ জানায়, "আটককৃত যুবকেরা দীর্ঘদিন ধরে অনলাইনে বিভিন্ন সাইটের মাধ্যমে জুয়া পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় সদ্য প্রণীত সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর ২০(২)/২৪(২)/২৭ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।"
এ বিষয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, প্রযুক্তির অপব্যবহার করে তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া এই অনলাইন জুয়াড়িদের বিরুদ্ধে ডিবির এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলেও পুলিশ নিশ্চিত করেছে।