বায়েজিদে শর্টগান ও কার্তুজসহ গ্রেফতার দুই যুবক 

পারভেজ বাঙালী, কন্ট্রিবিউটিং রিপোর্টার, চট্টগ্রাম

Jun 27, 2026 - 19:31
 0
বায়েজিদে শর্টগান ও কার্তুজসহ গ্রেফতার দুই যুবক 

বায়েজিদ বোস্তামী থানা পুলিশ অভিযান চালিয়ে ১টি দেশীয় শর্টগান ও ৫ রাউন্ড তাজা কার্তুজসহ দুই যুবককে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ।

শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন আতুরার ডিপো এলাকার কামরাবাদ সংলগ্ন মেসার্স রাইসা স্টোরের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন: ১. মোঃ তৌহিদুল ইসলাম সামির (২২): বায়েজিদ বোস্তামী থানার পূর্ব শহীদনগর এলাকার মোঃ সুমনের ছেলে। ২. মোঃ আলমগীর হোসেন সজীব (২০): কুমিল্লার মুরাদনগর থানার যাত্রাপুর এলাকার মোহাম্মদ আলমের ছেলে। বর্তমানে তিনি বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো মীরপাড়া এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ হাসান মোস্তফা স্বপনের নির্দেশনায় এবং বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল করিমের নেতৃত্বে এসআই পুলক চন্দ্র মন্ডলসহ পুলিশের একটি টিম বিশেষ ডিউটি (স্পেশাল-৩৪) পালন করছিল।

রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে আতুরার ডিপো এলাকার সৈয়দ কোম্পানির বিল্ডিংয়ের নিচতলায় চেকপোস্ট পরিচালনাকালে ওই দুই যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনকভাবে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে তাদের আটক করে। তল্লাশিকালে তাদের হেফাজত থেকে লোহার তৈরি ১টি দেশীয় শর্টগান এবং ৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অস্ত্রসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ ধারা মোতাবেক মামলা রুজু করা হয়েছে। (মামলা নং-৫৯, তারিখ: ২৬/০৬/২০২৬ ইং)। আসামিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।