বালিয়াডাঙ্গীতে বালতির পানিতে ডুবে ৯ মাসের শিশুর মৃত্যু
মোঃ আবু বক্কর সিদ্দিক, কন্ট্রিবিউটিং রিপোর্টার, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ঘরের ভেতর পানিভর্তি বালতিতে ডুবে হুবা নামের মাত্র ৯ মাস বয়সী এক কন্যাসন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১৪ জুন) বিকেলে উপজেলার ৪ নম্বর বড়পলাশবাড়ী ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হুবা ওই এলাকার হাসিরুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ঘরের ভেতরে শিশুটিকে গোসল করানো হচ্ছিল। এ সময় পরিবারের সদস্যদের অসাবধানতাবশত শিশুটি পাশেই রাখা একটি পানিভর্তি বালতির ভেতরে পড়ে যায়। বয়স অত্যন্ত কম হওয়ায় শিশুটি নিজে থেকে বালতি থেকে উঠে আসতে পারেনি এবং পানির নিচে আটকে থাকে।
কিছুক্ষণ পর পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্বজনরা শিশুটির মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যান। হাসপাতালে গিয়ে পুলিশের পক্ষ থেকে শিশুর স্বজনদের কাউকে পাওয়া যায়নি।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে একটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।