রাঙ্গামাটিতে ফুটবল টুর্নামেন্টে কাপ্তাইকে হারিয়ে চ্যাম্পিয়ন জুরাছড়ি 

সর্বজিৎ চাকমা, কন্ট্রিবিউটিং রিপোর্টার, রাঙ্গামাটি

Jun 28, 2026 - 10:09
 0
রাঙ্গামাটিতে ফুটবল টুর্নামেন্টে কাপ্তাইকে হারিয়ে চ্যাম্পিয়ন জুরাছড়ি 

রাঙ্গামাটিতে জেলা প্রশাসক গোল্ডকাপ (প্রমীলা) ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে কাপ্তাই উপজেলাকে ৭-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে জুরাছড়ি উপজেলা দল।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীতের মধ্যে দিয়ে। টুর্নামেন্টে খেলা শুরুর জন্য বেলুন আর ফেস্তুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ নাজমা আশরাফী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লে. কর্ণেল মো. একরামুল রাহাত, পিএসসি এবং রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর বকিব, পিপিএম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ রুহুল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. সাইফুল ইসলাম ভুট্টোসহ ক্রীড়া সংগঠক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিপুল সংখ্যক দর্শক।

খেলা শুরুর আগে অনুষ্ঠানে আগত অতিথিরা উভয় দলের খেলোয়ারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তারপর খেলা শুরু হয়। 

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা জুরাছড়ি মাত্র ৬ মিনিটেই প্রথম গোল করে এগিয়ে যায়। এরপর একের পর এক আক্রমণে কাপ্তাইয়ের রক্ষণভাগকে ভেঙে দিয়ে মোট সাতটি গোল করে বড় জয় নিশ্চিত করে।

ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে তিনটি গোল করে হ্যাটট্রিক করেন জুরাছড়ি উপজেলার খেলোয়াড় শান্তনা চাকমা। দুর্দান্ত এই নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ তাকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়।