লালমনিরহাটে উন্নয়নের নামে প্রকাশ্যে সরকারি অর্থ হরিলুট
মুনতাসীর আলিফ, কন্ট্রিবিউটিং রিপোর্টার, লালমনিরহাট
লালমনিরহাটের হাতীবান্ধায় জননিরাপত্তা নিয়ে তামাশার এক নজিরবিহীন ও ধৃষ্টতাপূর্ণ ঘটনার অভিযোগ উঠেছে।
প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে হাতীবান্ধা উপজেলার দইখাওয়া কলেজ হতে ভেলাগুড়ি ইউনিয়নের বুড়িরবাজার পর্যন্ত ৯ কিলোমিটার ৩০০ মিটার রাস্তা পূর্ণাঙ্গ সংস্কার ও ৪টি ছোট ব্রীজ নির্মাণে মেগা দুর্নীতির যে অভিযোগ আসছিল, তা হাতেনাতে প্রমাণিত হয়েছে।
গত শনিবার বিকেলে একটি নবনির্মিত ব্রীজ যান চলাচলের জন্য উন্মুক্ত করার মাত্র এক ঘণ্টার মাথায় সেটিতে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে! এখানেই শেষ নয়, পরদিন রবিবার সকালে ব্রীজের আরেকটি অংশে নতুন করে ফাটল দৃশ্যমান হওয়ায় পুরো এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ উপজেলা প্রকৌশলীর প্রত্যক্ষ যোগসাজশ, চরম উদাসীনতা ও অবৈধ অনৈতিক সুবিধার কারণেই ঠিকাদারি প্রতিষ্ঠানটি এমন জঘন্য ও নিম্নমানের কাজ করার সাহস পেয়েছে।