বাজেটে কর কাঠামোতে আসছে বড় পরিবর্তন
প্রিয়তোষ রায়, কন্ট্রিবিউটিং রিপোর্টার, ধানমন্ডি
নতুন সরকারের প্রথম বাজেটকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। কোন পণ্যের দাম বাড়বে, কোনটি কমবে এবং কর ব্যবস্থায় কী ধরনের পরিবর্তন আসছে এসব নিয়েই চলছে আলোচনা। রাজস্ব আহরণ বৃদ্ধি ও অর্থনীতিতে গতি আনতে সরকার কর কাঠামোয় বেশ কিছু পরিবর্তনের পরিকল্পনা করেছে। কোথাও কর ছাড় দেওয়া হচ্ছে, আবার কোথাও বাড়ানো হচ্ছে করের বোঝা।
প্রস্তাবিত বাজেটে ব্যক্তির করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে করমুক্ত সীমা বাড়লেও মধ্যবিত্তদের জন্য কিছুটা চাপ তৈরি হতে পারে। কারণ বর্তমানে করমুক্ত সীমার পরবর্তী ১ লাখ টাকার ওপর যে ৫ শতাংশ করের ধাপ রয়েছে, তা বাতিলের প্রস্তাব করা হয়েছে।
নিত্যপ্রয়োজনীয় প্রায় ৬০ ধরনের পণ্যে উৎসে কর কমানোর পরিকল্পনা রয়েছে, যা বাজারে কিছুটা স্বস্তি আনতে পারে। কিডনি রোগীদের চিকিৎসা ব্যয় কমাতে ডায়ালাইসিস ফিল্টারের ওপর অগ্রিম কর প্রত্যাহারের প্রস্তাব রয়েছে। এতে প্রতিটি ফিল্টারে প্রায় ৬০০ টাকা পর্যন্ত সাশ্রয় হতে পারে। এছাড়া অর্ধশতাধিক ওষুধের কাঁচামালের ওপর আরোপিত সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হতে পারে।
রপ্তানি খাতে বিদ্যমান উৎসে কর কমানোর পাশাপাশি মোবাইল হ্যান্ডসেট উৎপাদনে ব্যবহৃত ২২ ধরনের উপকরণের ওপর অগ্রিম আয়কর (AIT) হ্রাসের প্রস্তাব রয়েছে। স্থানীয়ভাবে উৎপাদিত ভোজ্যতেল শিল্পকে উৎসাহ দিতে ১০ বছরের কর অব্যাহতি দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার।
স্বর্ণ ও স্বর্ণালংকার ক্রয়ে কিছু কর সুবিধা দেওয়া হতে পারে। একই সঙ্গে বৈদ্যুতিক গাড়ি আমদানি ও চার্জিং স্টেশন স্থাপনে কর ছাড় দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ খাতে অগ্রিম আয়কর প্রত্যাহারের সম্ভাবনাও রয়েছে। শিল্পের কাঁচামাল, কম্পিউটার ও যন্ত্রাংশ আমদানিতেও কর কমতে পারে।
আইসিটি খাত, ফ্রিল্যান্সিং এবং কনটেন্ট ক্রিয়েশন থেকে অর্জিত আয় করমুক্ত রাখার ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। মোবাইল সিমের ওপর আরোপিত ৩০০ টাকার করও প্রত্যাহার করা হতে পারে। এছাড়া ভ্যাট ফাঁকি উদঘাটনের ঘটনায় ব্যবসায়ীদের আপিলের জন্য জমা দিতে হওয়া অর্থের পরিমাণ কমানোর প্রস্তাব রয়েছে।
অন্যদিকে, ১৫০ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল নিবন্ধনের ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক করা হচ্ছে। সিগারেটের শলাকাপ্রতি দামও বাড়ানো হতে পারে। জালিয়াতি রোধে স্ট্যাম্পে যুক্ত করা হবে কিউআর (QR) কোড।
তবে কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে। এর মধ্যে রয়েছে কাজুবাদাম, দামি মাছ, দেশি-বিদেশি মদ, রড, বিলাসবহুল গাড়ি, আমদানিকৃত প্রসাধনী এবং ইলেকট্রনিক পণ্য। স্টুডিওতে ছবি তোলার ক্ষেত্রেও বাড়তি ভ্যাট আরোপের প্রস্তাব রয়েছে।
ব্যাংকে আমানতের ওপর আবগারি শুল্কের ক্ষেত্রেও পরিবর্তন আসছে। বর্তমানে ৩ লাখ টাকা জমা থাকলে আবগারি শুল্ক দিতে হয়। নতুন প্রস্তাবে সেই সীমা বাড়িয়ে ৫ লাখ টাকা করা হতে পারে।