মান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
আল আমিন স্বাধীন,মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের মল্লিকপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ মল্লিকপুর ভাটা সংলগ্ন এলাকার মৃত দুলালের ছেলে। তিনি পেশায় একজন ড্রাইভার ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সামনে একটি পুকুরে মোটরের মাধ্যমে পানি সেচ দেওয়া হচ্ছিল। ধারণা করা হচ্ছে, মোটরে বিদ্যুতের আর্থিং (লিকেজ) হওয়ার কারণে পুকুরের পানিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পানি সেচের মোটরটি হঠাৎ বন্ধ হয়ে গেলে সোহাগ বিষয়টি দেখতে পুকুরে নামেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
তার চিৎকার শুনে স্ত্রী ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য রওনা দেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।
সোহাগের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।