পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ চোরাই তেল উদ্ধার, আটক ২
পারভেজ বাঙালী, কন্ট্রিবিউটিং রিপোর্টার, চট্টগ্রাম
চট্টগ্রামের পতেঙ্গায় পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই লুব অয়েল, ডিজেল, লোহার স্ক্র্যাপ, ব্যাটারি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি বোট জব্দ করা হয় এবং দুইজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (১০ জুন) রাত ১১টার দিকে পতেঙ্গা থানার বহিঃনোঙ্গর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড জাহাজ ‘শ্যামল বাংলা’। এ সময় সন্দেহভাজন একটি ইঞ্জিনচালিত বোটে তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে চুরি করা ১ হাজার ১৩৪ লিটার লুব অয়েল, ৪টি ব্যাটারি, ২ হাজার ২২৫ টাকা নগদ অর্থ এবং ৩টি ছুরি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৬৬ হাজার ৯০০ টাকা। এ ঘটনায় চোরাচালানে ব্যবহৃত বোটটি জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।
এরপর বৃহস্পতিবার (১১ জুন) ভোর ৪টার দিকে পতেঙ্গার ১১ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। অভিযানে একটি বাণিজ্যিক জাহাজ থেকে চুরি হওয়া ৭০০ লিটার ডিজেল ও প্রায় ২ টন লোহার স্ক্র্যাপ উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার ৫০০ টাকা।
এ সময় চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত একটি কাঠের বোটও জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে উদ্ধারকৃত মালামাল ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের সামুদ্রিক ও উপকূলীয় এলাকায় চুরি, চোরাচালান এবং অন্যান্য অপরাধ দমনে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।